
জাপানে চলমান এশিয়ান গেমসের ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। জবাবে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কোরোগি অ্যাথলেটিক পার্কে মুখোমুখি হয় দুই দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ তামিমকে ৭ রানে হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস, পারভেজ ইমন ও সাইফ হাসানও দ্রুত ফিরে যান। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের কার্যকর ইনিংসে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে শুরুতেই শাহিবজাদা ফারহানকে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন মেহেদী হাসান। এরপর সাদাকাতকে ১৫ রানে ফেরান নাসুম আহমেদ। সাইম আইয়ুবকে ২১ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান। উসমান খানও ১৪ রানে ফেরেন।
তবে এরপর আবদুল সামাদ ও হাসান নাওয়াজের ব্যাটিংয়ে ম্যাচ বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। সামাদ ১৫ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ২ ওভারে ৪১ রান দেন।
এশিয়ান গেমস ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ পদকের জন্য লড়বে বাংলাদেশ।